মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর চার কৌশল
![]()
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই স্মৃতিশক্তি কমতে শুরু করে। কোনও কাজে মনোযোগ ধরে রাখা বা নতুন কোনও তথ্য মনে রাখা আগের চেয়ে কঠিন মনে হতে পারে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়ায় চিন্তাভাবনা ও স্মৃতিশক্তিতে ধীরে ধীরে পরিবর্তন আসে। গবেষণায় দেখা গেছে, কারও কারও ক্ষেত্রে ৪৫ বছর বয়সের পর থেকেই স্মৃতিশক্তি ক্ষয় হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে দৈনন্দিন কিছু অভ্যাসে সামান্য পরিবর্তন এনে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’-এ প্রকাশিত এক প্রতিবেদনে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর কিছু কৌশল তুলে ধরা হয়েছে। যেমন-
বক্তার দিকে তাকিয়ে গভীরভাবে শোনা
কেউ যখন কোনও কথা বলেন, তখন তার দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কোনও কিছু বুঝতে অসুবিধা হলে বা মনোযোগ হারিয়ে ফেললে দ্বিধা না করে বক্তাকে বিষয়টি পুনরায় বলতে অনুরোধ করতে পারেন। সম্ভব হলে বক্তাকে একটু ধীরে ধীরে কথাটা বলতেও অনুরোধ করা যেতে পারে। শোনা কথা নিজের ভাষায় পুনরাবৃত্তি করা
অন্যের বলা তথ্যটি সঠিকভাবে বোঝা গেছে কি-না সেটা নিশ্চিত করতে এবং মস্তিস্কে তথ্যটি স্থায়ীভাবে গেঁথে নিতে, কথাটি নিজের ভাষায় গুছিয়ে পুনরাবৃত্তি করা কার্যকর পদ্ধতি।
কথা বলার জন্য শান্ত পরিবেশ বেছে নেওয়া
আড্ডা বা আলোচনার সময় যদি সহজেই মনোযোগ হারিয়ে ফেলার প্রবণতা থাকে, তাহলে কোলাহলপূর্ণ রেস্তোরাঁর বদলে কারও বাড়ির শান্ত পরিবেশে দেখা করার পরিকল্পনা করতে পারেন।
আর যদি রেস্তোরাঁয় বসতেই হয়, তবে দেয়ালের কাছাকাছি কোনও টেবিল বেছে নিতে হবে। এক্ষেত্রে সঙ্গীকে দেয়ালের দিকে পিঠ দিয়ে বসিয়ে, নিজে তার মুখোমুখি বসলে আশপাশের অন্যদের নড়াচড়ায় মনোযোগ নষ্ট হবে না। সঙ্গীর কথায় পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হবে।
একসঙ্গে একের বেশি কাজ নয়
একই সময়ে একাধিক কাজ করলে মনোযোগ ঘাটতি হতে পারে। এ কারণে একবারে একটি মাত্র কাজে করার চেষ্টা করুন। তাহলে মনোযোগের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। কাজের মাঝখানে যে কোনও ধরনের ব্যাঘাত এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যেমন- কোনও জরুরি লেখা পড়া বা কাজ করার সময় কেউ কিছু জিজ্ঞেস করলে, তাকে কাজটি শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করার অনুরোধ করা যেতে পারে। একইভাবে একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত ফোনের কল না ধরে পরে ফোন করার অভ্যাস গড়ে তোলা উচিত।
সূত্র :— দৈনিক সমকাল।
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম ▪ হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম ▪ পঠিত: ২

.png)






পাঠকের মতামত